নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের অধ্যাপক ড. আবিদুর রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. তামজিদ হোসাইন চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. আবিদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ইউরোপীয় ইউনিয়নের মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডাস বৃত্তি লাভ করে ইতালির পাদোভা বিশ্ববিদ্যালয় থেকে টেলিযোগাযোগ প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
পরবর্তীতে ব্রেইন কোরিয়া-২১ (বিকে-২১) কর্মসূচির অর্থায়নে দক্ষিণ কোরিয়ার কিয়ংহি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন ডিসপ্লে বিভাগ থেকে ২০২০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সালে পোস্টডক্টরাল গবেষণাও সম্পন্ন করেন।
গবেষণাক্ষেত্রে ড. আবিদুর রহমানের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাঁর গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক মানের বিভিন্ন শীর্ষস্থানীয় জার্নালে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে IEEE Transactions on Electron Devices, IEEE Electron Device Letters এবং IEEE Journal of the Electron Devices Society।
গবেষণালব্ধ ফলাফল উপস্থাপনের জন্য তিনি দক্ষিণ কোরিয়া, জাপান, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এসব সম্মেলনের মধ্যে রয়েছে International Conference on Amorphous and Nanocrystalline Solids (ICANS), International Display Workshop (IDW), Electrochemical Society (ECS) এবং Society for Information Display (SID)।
একাডেমিক ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন। তিনি সহকারী প্রক্টর, সহকারী প্রভোস্ট এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি নোবিপ্রবির আইসিই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নোবিপ্রবি ছায়া জাতিসংঘ ক্লাবের উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, শিক্ষা বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে অধ্যাপক ড. আবিদুর রহমান তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে অনুষদের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.