শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
দৈনিক কল্যাণ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমানকে হুমকি প্রদান এবং আল আজিম হোসেনের নামে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১৪ জুন) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্যামনগরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরের সভাপতিত্বে এবং সাংবাদিক আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।
এ সময় বক্তব্য দেন ডিবিসি নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, চ্যানেল নাইন জেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন এবং উপকূলীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল হুদা মালীসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কল্যাণ ব্যানার্জী বলেন, “সাংবাদিকরা জনগণের কথা তুলে ধরেন। তাদের ওপর হামলা, হুমকি ও হয়রানিমূলক মামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। প্রশাসনের কাছে আমাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”
বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং ভয়ভীতি প্রদর্শনের প্রবণতা উদ্বেগজনক। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তারা সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে শ্যামনগরের সাংবাদিক সমাজ কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.