বাগেরহাট প্রতিনিধি
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাগেরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিটের কার্যক্রম পুনরায় উদ্বোধন করা হয়েছে। এতে জেলার সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হওয়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
সারাদেশে ১০টি হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর অংশ হিসেবে রবিবার (১৪ জুন) সকালে এই ইউনিটের উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ শাখাওয়াত হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে আইসিইউ ইউনিটের কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। তিনি বলেন, সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন হাসপাতালে আধুনিক আইসিইউ ইউনিট চালু করা হচ্ছে, যার ফলে বাগেরহাটের রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে যেতে হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, সিভিল সার্জন ডা. আ.স.ম মাহাবুবুল আলম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকারসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, এই আইসিইউ ইউনিট চালুর মাধ্যমে শ্বাসকষ্ট, হৃদরোগ, দুর্ঘটনাজনিত জটিলতা ও অন্যান্য সংকটাপন্ন রোগীদের জরুরি ও নিবিড় পরিচর্যা সেবা আরও সহজে নিশ্চিত করা যাবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ইউনিটটি চালু হওয়ায় জেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.