নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
এমফিল ও পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা প্রায় দ্বিগুণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে গবেষণা ও মানসম্পন্ন প্রকাশনা বৃদ্ধিতে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
রবিবার (১৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে “মেথোডোলজি, রাইটিং, পাবলিকেশন অ্যান্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট” শীর্ষক গবেষণা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।
ভিসি প্রফেসর আমানুল্লাহ বলেন, মানসম্পন্ন গবেষণা ও আন্তর্জাতিক মানের প্রকাশনার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখনও পিছিয়ে। এ অবস্থার উন্নয়নে গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা এবং সহজবোধ্য ও নির্ভুল লেখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে অন্তত দুটি গবেষণা কর্মশালা আয়োজন করা প্রয়োজন, যাতে শিক্ষক ও গবেষকরা নিয়মিত দক্ষতা বৃদ্ধি করতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ এবং বিআইএসআর ট্রাস্টের চেয়ারম্যান ড. এম খুরশেদ আলম।
এছাড়া রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বিভিন্ন অনুষদের ডিন ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.