নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে গাজীপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”। রবিবার জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও তরুণ উদ্যোক্তারা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করে উদ্ভাবনী প্রকল্পগুলোর খোঁজখবর নেন এবং তরুণদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
প্রদর্শনীতে জলবায়ু পরিবর্তন, সড়ক নিরাপত্তা, প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক নানা প্রযুক্তিনির্ভর উদ্ভাবন উপস্থাপন করা হয়। এর মধ্যে চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স স্ক্যান এবং হেলমেট ব্যবহার নিশ্চিত না হলে মোটরসাইকেল চালু না হওয়ার প্রযুক্তি, দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাচল সহজ করার আধুনিক ডিভাইস, সমুদ্রের দূষিত পানি বিশুদ্ধ করার পদ্ধতি এবং পরিত্যক্ত ব্যাটারি ও বর্জ্য থেকে বিদ্যুৎ ও গ্রাফাইট উৎপাদনের প্রকল্প দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান। এছাড়া জেলার পাঁচটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, “আজকের ছোট ছোট উদ্ভাবনী ধারণাগুলোই ভবিষ্যতে বড় শিল্প ও প্রযুক্তিগত সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। সম্ভাবনাময় ও জনকল্যাণমুখী এসব প্রকল্পের পৃষ্ঠপোষকতায় গাজীপুর জেলা প্রশাসনের দ্বার সবসময় উন্মুক্ত থাকবে।”
তিনি বিশ্বখ্যাত শিল্পী পাবলো পিকাসোর উদাহরণ টেনে বলেন, পৃথিবীর বড় বড় সৃষ্টির শুরুটা হয়েছিল ছোট পরিসর থেকে। আজকের এই উদ্ভাবনী চিন্তাগুলো একদিন বিশ্বজয় করবে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তির যথাযথ বিকাশ ঘটলে “সবার আগে বাংলাদেশ” গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।
উৎসাহ-উদ্দীপনা ও নতুন সম্ভাবনার বার্তা ছড়িয়ে দিয়ে দিনব্যাপী এই প্রদর্শনীর সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.