মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁক ও মোড়ে স্থাপিত গাইড পিলার, রিফ্লেক্টর ও সতর্কীকরণ চিহ্ন অযত্ন-অবহেলায় কার্যকারিতা হারাচ্ছে। কোথাও ঝোপঝাড়ে ঢেকে গেছে নিরাপত্তা চিহ্ন, আবার কোথাও প্রতিফলক নষ্ট হয়ে গেছে বা খুলে নেওয়া হয়েছে। ফলে রাতের বেলা ও বৈরী আবহাওয়ায় চালকদের জন্য ঝুঁকিপূর্ণ স্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলছে।
স্থানীয় বাসিন্দা খৈয়ম জানান, মহাসড়কের বিভিন্ন বাঁকে স্থাপিত রিফ্লেক্টিভ গাইড পিলারগুলো দীর্ঘদিন ধরে ঝোপঝাড়ে আচ্ছাদিত। অনেক স্থানে প্রতিফলক নষ্ট হয়ে গেছে এবং কিছু জায়গায় দুর্বৃত্তরা সেগুলো খুলে নিয়ে গেছে। এছাড়া গাছের ডালপালা ও আগাছায় ঢেকে যাওয়ায় সতর্কীকরণ সাইনবোর্ডও চালকদের চোখে পড়ে না। এতে বিশেষ করে অপরিচিত চালকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী আসাদুজ্জামান মুক্তা বলেন, গত বছর মহাসড়কের একটি ঝুঁকিপূর্ণ স্থানে গার্ডরেল ভেঙে কয়লাবোঝাই একটি ট্রাক নিচে পড়ে যায়। ওই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও এখনো ক্ষতিগ্রস্ত গার্ডরেল মেরামতের দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি।
এদিকে টাটাকপুর মোড়ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। স্থানীয় পথচারী আলতাফ হোসেন জানান, সংযোগ সড়কটির ঢালু অবস্থান এবং নকশাগত সীমাবদ্ধতার কারণে পশ্চিম দিক থেকে আসা যানবাহন দ্রুতগতিতে মহাসড়কে প্রবেশ করে। এতে পথচারী, মোটরসাইকেল ও ছোট যানবাহন ঝুঁকির মধ্যে পড়ে। ধীরগতির যানবাহনগুলো মহাসড়কে উঠতে গিয়ে অনেক সময় গতি তুলতে না পেরে পিছিয়ে যায়, ফলে সংঘর্ষের আশঙ্কা বেড়ে যায়।
সাম্প্রতিক দুই দিনের ব্যবধানে টাটাকপুর এলাকায় একই স্থানে দুটি প্রাণহানির ঘটনা ঘটায় স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে। তারা দ্রুত ঝোপঝাড় পরিষ্কার, ক্ষতিগ্রস্ত গাইড পিলার ও রিফ্লেক্টর প্রতিস্থাপন, গার্ডরেল মেরামত এবং ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অ্যাডভোকেট শাহনেওয়াজ শুভ বলেন, মহাসড়কের পাশে পথচারীদের জন্য পর্যাপ্ত ফুটপাত নেই। সম্প্রতি উচ্ছেদ অভিযান চালানো হলেও অনেক স্থানে পুনরায় দখল হয়ে গেছে। সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আমানউল্লাহ আমান বলেন, সড়কের গাইড পিলার ও আশপাশের ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার করা হলেও আগাম বৃষ্টিপাতের কারণে দ্রুত আগাছা বেড়ে যাওয়ায় এবার কাজটি সময়মতো করা যায়নি। দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত গার্ডরেল টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মেরামত করা হবে।
অন্যদিকে বিরামপুর পৌর শহরের ব্যস্ততম তিনমাথা মোড় (ঢাকা মোড়) এলাকায় দীর্ঘদিন ধরে যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, যত্রতত্র অটোরিকশা ও বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো, অবৈধ পার্কিং এবং পুনরায় ফুটপাত দখলের কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, ট্রাফিক সার্জেন্টরা নিয়মিত না আসতে পারলেও সময়ে সময়ে অভিযান পরিচালনা করেন। পাশাপাশি স্থানীয় পুলিশও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন বলেন, বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং আইন-শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.