নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি)।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সোমবার (১৫ জুন) ভার্চুয়ালি (জুম প্ল্যাটফর্মে) যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে তথ্যপ্রবাহ সহজ হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ভিডিও, বিকৃত ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সাংবাদিকদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং তথ্য যাচাইয়ের দক্ষতা আরও বাড়ানো প্রয়োজন।
পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল এবং প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ।
প্রশিক্ষণ কর্মসূচিতে নান্দাইল উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.