বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, দপ্তর সম্পাদক আফজাল শরীফ এবং নিহত সাংবাদিক নাদিমের সহধর্মিণী মনিরা বেগম।
স্মরণ সভা শেষে মরহুম সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বকশীগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা এনায়েত উল্লাহ।
এ সময় নাগরিক টিভির প্রতিনিধি আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস শাহ, রিপন রাজ, হারুন উর রশিদ, গাজী মোস্তফা, গোলাম মোস্তফা, রাসেল রানা সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সাংবাদিক নাদিম হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান এবং মামলার অগ্রগতিতে বিলম্বের প্রতিবাদ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.