জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) “ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন” শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের উদ্যোগে একাডেমিক ভবনের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহজাহান, ফ্রান্সের ইউনিভার্সিটি অব লরেইনের সহযোগী অধ্যাপক ড. থমাস লেকক এবং একই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার ইন অ্যানিম্যাল এক্সপেরিমেন্টেশন ড. ইয়ানিক লেডোরে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদের ওপর চাপের কারণে টেকসই মৎস্য উৎপাদন ও নতুন মাছভিত্তিক পণ্য উদ্ভাবন এখন সময়ের দাবি। এ খাতে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন, মূল্য সংযোজনভিত্তিক মাছজাত পণ্য উন্নয়ন এবং ভোক্তাদের চাহিদা অনুযায়ী গবেষণাকে অগ্রাধিকার দিতে হবে।
ফ্রান্সের অতিথি বক্তারা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও প্রযুক্তি বিনিময় টেকসই মৎস্য উৎপাদন ও প্রাণিজ খাদ্য নিরাপত্তায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে ভবিষ্যৎ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.