আমিনুল ইসলাম,দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর অপপ্রচার, গুজব ও চরিত্রহননমূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাজশাহীর দুর্গাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা এবং একটি সুস্থ, নিরাপদ ও ইতিবাচক সামাজিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার না করার আহ্বান জানিয়ে তিনি অপপ্রচার প্রতিরোধে আইনি কাঠামোর আওতায় থেকে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে ভুয়া আইডি, ডিপফেক প্রযুক্তি এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অপতৎপরতা সামাজিক সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধ ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।
আলোচনায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য শেয়ার করার আগে যাচাই করা জরুরি। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় গণতন্ত্র, সামাজিক সম্প্রীতি, নারীর মর্যাদা ও নিরাপত্তা, মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব মোকাবিলা, সাইবার নিরাপত্তা জোরদার এবং ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.