মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর পৌরশহরের রাজগঞ্জ মোড় থেকে উত্তরমাথা সিনেমা হল পর্যন্ত প্রায় ৭০০ মিটার সড়ক দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজারহাট–চুকনগর মহাসড়কের অংশ হলেও এ অংশটি তুলনামূলকভাবে সরু হওয়ায় প্রতিদিনই যানবাহন চলাচলে তীব্র ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের দুই লেন অংশের সঙ্গে এই ৭০০ মিটার সড়কের প্রশস্ততা না থাকায় বাস ও ট্রাক একে অপরকে ক্রস করতে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রতিদিন কয়েক ঘণ্টা ধরে যান চলাচল স্থবির হয়ে পড়ে, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। সম্প্রতি প্রায় ২০৭ কোটি টাকা ব্যয়ে একটি বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাব সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
এদিকে স্থানীয়রা মনে করছেন, পৌরশহর সংলগ্ন খননকৃত হরিহর নদীর পাড় ব্যবহার করে বিকল্প সড়ক নির্মাণ করা গেলে অল্প খরচে সমস্যার সমাধান সম্ভব। এতে প্রস্তাবিত ব্যয়ের তুলনায় অনেক কম অর্থ ব্যয় হবে বলেও তারা মত দিয়েছেন।
সওজ যশোর অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী আলাউর রহমান জানান, মনিরামপুর বাইপাস সড়কের জন্য ২০৭ কোটি টাকার প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
স্থানীয় প্রকৌশলীরা বলছেন, সদিচ্ছা থাকলে হরিহর নদীর পাড় ব্যবহার করে বিকল্প সড়ক নির্মাণ বাস্তবসম্মত ও ব্যয় সাশ্রয়ী হতে পারে।
দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে যানজটের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.