লামা, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী এলাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
মঙ্গলবার (১৬ জুন) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ওয়াংরাইপাড়া ও লিকড়ী সীমান্ত এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমন্বয়ে স্থানীয়দের চিকিৎসাসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে ওয়াংরাইপাড়া বিওপির আওতাধীন ত্রিমতি কারবারীপাড়া, মাইস্প্রে কারবারীপাড়া, রাইচং কারবারীপাড়া ও হরিচন্দ্র কারবারীপাড়া এবং লিকড়ী বিওপির আওতাধীন ত্রিপুরা পাড়া, মরং পাড়া ও নুম পাড়ার নারী, পুরুষ ও শিশুসহ মোট ২০০ জনের বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় তাদের প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানা সহায়তামূলক উদ্যোগ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.