মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রত্যন্ত ও দুর্গম চরাঞ্চলের শিশুদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ, শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ কর্মসূচি।
মঙ্গলবার (১৬ জুন) সদর উপজেলার আধারা ইউনিয়নের বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এছাড়া স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “একটি জাতির টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা। শিশুরা জীবনের প্রথম পাঠ প্রাথমিক বিদ্যালয় থেকেই গ্রহণ করে। তাই তাদের সুশিক্ষা নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও সমাজকে একযোগে কাজ করতে হবে।”
নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “শিক্ষিত নারী একটি পরিবার ও সমাজের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাই প্রতিটি কন্যাশিশুর নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং তাদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।”
সমাবেশে বক্তারা বাল্যবিবাহকে একটি সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া শিশুদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও মিষ্টি তুলে দেন। জেলা প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের অনুপ্রেরণামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করে একটি শিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.