সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ইছামতী নদী থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গুচ্ছগ্রাম সংলগ্ন ইছামতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মামুনুর রহমান জানান, সকালে ইছামতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে যান। তিনি বলেন, “মরদেহটি ধুনট ও কাজিপুর উপজেলার সীমানা এলাকায় ইছামতী নদীতে ভাসছিল। উদ্ধারের পর উপস্থিত কেউই মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেননি।”
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনজিৎ কুমার নন্দী জানান, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু মরদেহটি নদীতে ভাসমান অবস্থায় ছিল, তাই সিরাজগঞ্জ নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। পরে নৌ-পুলিশের সহায়তায় মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহটির পরনে কোনো কাপড় ছিল না এবং দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীরের চামড়ার অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য তা সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.