আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে নিবন্ধিত শিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে আমতলী উপজেলার সোনালী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আমতলী এডিপি এবং এনএসএস-এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে উপজেলার নিবন্ধিত ৪ হাজার ৮০ জন কোমলমতি শিশু অংশগ্রহণ করে। এ সময় প্রতিটি শিশুকে একটি করে মশারি, গোসলের সাবান ও হুইল ওয়াশিং পাউডারসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল দাস-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার ও সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, মানবাধিকার কর্মী আবু জিহাদ, চাইল্ড প্রোটেকশন ও এপি স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার অতিদাস ও প্রতিভা মণ্ডল, ফিল্ড অপারেশন অফিসার মো. জহির, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মণ্ডল, খোকন দাস ও রাধারাণী মণ্ডলসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনএসএস-এর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে শিশু ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিশুদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। পরে বিশাল আকৃতির কেক কেটে শিশুদের মধ্যে আনন্দ ভাগাভাগি করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। শিশুদের ওপর অযথা মানসিক চাপ না দিয়ে মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে।”
আয়োজকরা জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিশুদের কল্যাণে শিক্ষা উপকরণ বিতরণ, খাদ্য সহায়তা, পুষ্টি সহায়তা, সবজি বীজ বিতরণ, হাঁস পালন সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.