জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলায় ছেলের বউ ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (১৭ জুন) বিকেলে জয়পুরহাট চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
অভিযুক্তরা হলেন— জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মৃত আফছার আলী গোয়ালের ছেলে সাখাওয়াত হোসেন আদা এবং নওগাঁ জেলার বদলগাছী উপজেলার উত্তর রামপুর গ্রামের মৃত হজ্জম উদ্দীনের ছেলে মোঃ আবু আসাদ।
বানিয়াপাড়া গ্রামে শ্বশুরের বিরুদ্ধে ছেলের বউকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বিয়ের পর থেকেই সাখাওয়াত হোসেন আদা পুত্রবধূর প্রতি কুনজর দেন। স্বামী রাজমিস্ত্রির কাজে বাইরে থাকায় গত ৮ জুন তিনি ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। ভুক্তভোগী বাধা দিয়ে ঘর থেকে বেরিয়ে যান।
একই ঘটনা বারবার ঘটায় ভুক্তভোগী স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। গত ১৬ জুন ইউনিয়ন পরিষদে সালিশ চলাকালীন পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ওই রাতেই ভুক্তভোগী থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।
ভাদসা ইউনিয়নের ভগবানপুর গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আবু আসাদের বিরুদ্ধে। ভুক্তভোগীর নানীর দায়ের করা এজাহারে বলা হয়, গত ১৬ জুন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযুক্ত আবু আসাদ ঘরে একা পেয়ে প্রতিবন্ধী নারীর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। নানী চিৎকার করলে অভিযুক্ত তাকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে পালানোর চেষ্টা করেন।
স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ উভয় অভিযুক্তকে বুধবার আদালতে প্রেরণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.