ফরিদপুর প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে লোকগান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ফরিদপুরের কণ্ঠশিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকার বিশেষ আর্থিক অনুদান দিয়েছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুদান প্রদান করা হয়।
বুধবার রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিতাই রায় চৌধুরী শিল্পী লাইলী বেগমের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, “লাইলী বেগম কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজস্ব প্রতিভা ও দীর্ঘ সাধনার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দেশের মাটি ও মানুষের সংস্কৃতিকে ধারণ করে তিনি গান গেয়ে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গান শুনে সরকার মুগ্ধ হয়েছে। এমন প্রতিভাবান ও মাটির কাছাকাছি থাকা শিল্পীদের উৎসাহিত করতেই এ সহায়তা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, লাইলী বেগমকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তিনি আরও বড় পরিসরে নিজের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।
অনুদান গ্রহণের পর আবেগঘন প্রতিক্রিয়ায় লাইলী বেগম বলেন, “আমার মতো গ্রামের একজন সাধারণ শিল্পীকে সচিবালয়ে ডেকে এনে এভাবে সম্মান জানানো হবে, তা কখনও ভাবিনি। সরকারের এই সহযোগিতা আমাকে আরও ভালোভাবে গান গাইতে এবং গ্রামীণ সংস্কৃতির জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠান শেষে তিনি জনপ্রিয় শ্যামাসংগীত ‘সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি’ পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইলী বেগমের গাওয়া কয়েকটি লোকগান ও বাউলগানের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার সুমধুর কণ্ঠ ও সহজ-সরল পরিবেশনা অল্প সময়ের মধ্যেই হাজারো দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মনে করছেন, লাইলী বেগমের মতো গ্রামীণ শিল্পীদের প্রতি এ ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি দেশের লোকসংগীতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.