সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) হত্যার বিচারের দাবিতে অর্ধদিবস হরতাল পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের নয় দিন পেরিয়ে গেলেও জড়িত সকল আসামিকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বারুইপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদল মোড়ল নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করলেও হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিরা এখনও গ্রেপ্তারের বাইরে রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে আন্দোলন অব্যাহত রাখা হয়েছে।
হরতাল চলাকালে ইউনিয়নের অধিকাংশ দোকানপাট ও বাজার বন্ধ থাকলেও জরুরি সেবার আওতাভুক্ত অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী পরিবহন এবং কাঁচামালবাহী যানবাহনের চলাচল স্বাভাবিক ছিল।
এ বিষয়ে বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান মল্লিক বলেন, “বাদল মোড়ল হত্যাকাণ্ডের নয় দিন পেরিয়ে গেলেও জড়িত সকল আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি এবং দ্রুত বিচার দাবি করছি।”
স্থানীয় বিএনপি নেতারা জানান, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত সকল আসামির গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.