আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।
উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল মোল্লা এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ অন্যান্য অতিথিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা জানান, চলতি অর্থবছরের কৃষি কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার, নারিকেল চারা ও হাইব্রিড মরিচের বীজ বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লিখন বনিক বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। এখন থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তবে শুধু গাছ রোপণ করলেই হবে না, এর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠান শেষে ৬০০ জন কৃষকের মধ্যে আমন ধান চাষের প্রণোদনা হিসেবে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৫০০ জন কৃষকের মধ্যে নারিকেল চারা এবং ১০০ জন কৃষকের মধ্যে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও এক বোতল বালাইনাশক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.