আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং কমনওয়েলথ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার সকালে শ্যামনগর অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামাল।
সভায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন কার্যক্রমে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করে প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজন বিষয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
বক্তারা বলেন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করে নারী, শিশু ও যুব প্রতিবন্ধীদের চাহিদা ও অধিকারকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যম সঠিক তথ্য প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং পুনর্বাসন প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভা শেষে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে গণমাধ্যমের কার্যকর ভূমিকা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.