মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় দীর্ঘ ২৮ বছর আগে দায়ের হওয়া একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু হানিফ তালুকদার (হানিফ) (৬৭) গ্রেফতার হয়েছেন।
পুলিশ জানায়, গত ১৭ জুন বুধবার বিকেলে নেত্রকোনা জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। আবু হানিফ তালুকদার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বল্লী গ্রামের স্থায়ী বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৭ সালে চাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে আবু হানিফ তালুকদার ও স্থানীয় সাবেক মেম্বার আফতাব তালুকদারের মধ্যে পূর্বশত্রুতার জেরে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের ধারাবাহিকতায় ১১ মে ১৯৯৭ তারিখে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একই গ্রামের সাখাওয়াত তালুকদার (৩৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আফতাব তালুকদার বাদী হয়ে আবু হানিফ তালুকদারকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে খালিয়াজুড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৪ মে ১৯৯৭ তারিখে রেকর্ডভুক্ত হয় (মামলা নং ০১(৫)৯৭)।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবু হানিফ তালুকদারকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
এদিকে মামলার বাদী আফতাব তালুকদার বলেন, দীর্ঘ ২৮ বছর পর আসামি গ্রেফতার হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার নিষ্পত্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.