কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের নুরপুর গ্রামে ইভটিজিং ও অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এক প্রবাসীকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গত বুধবার (১৭ জুন) রাতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি মো. বিল্লাল হোসেন (৫০) একই গ্রামের সফর আলী মুন্সিবাড়ির মৃত মিন্টু মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন জাতীয়তাবাদী সংগ্রামী দলের সভাপতি হিসেবে পরিচিত।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে নুরপুর বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলামের কাছে ১ লাখ ৪৬ হাজার টাকা দেওয়ার উদ্দেশ্যে বাড়ির পাশের পাকা রাস্তায় গেলে পূর্বপরিকল্পিতভাবে একদল সশস্ত্র হামলাকারী তার ওপর অতর্কিত হামলা চালায়। শাওন হোসেন, সামির হোসেন, টিপু হোসেন, হাসান, মহসিন, তারেকসহ কয়েকজন চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় তার কাছে থাকা নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, এ ধরনের সশস্ত্র হামলায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.