কাবা কাকলি, কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে একটি বড় এলইডি স্ক্রিন স্থাপন করেছে কলেজ শাখা ছাত্রদল। বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের উদ্যোগ ও সহযোগিতায় এ আয়োজন বাস্তবায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার ম্যাচ সম্প্রচারের মাধ্যমে এলইডি স্ক্রিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কলেজের শিক্ষার্থীরাও যাতে একসঙ্গে খেলা উপভোগ করতে পারেন এবং ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়, সে লক্ষ্যেই এলইডি স্ক্রিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার আলোকে এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রতি আমরা কৃতজ্ঞ। পাশাপাশি সকল শিক্ষার্থীকে ক্যাম্পাসে এসে একসঙ্গে খেলা উপভোগ করার আহ্বান জানান তিনি।
কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, বিশ্বকাপ চলাকালীন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বসেই উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগের সুযোগ পাবেন।
এদিকে শিক্ষার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বড় পর্দায় বন্ধুদের সঙ্গে একসঙ্গে খেলা দেখার সুযোগ ক্যাম্পাস জীবনে নতুন মাত্রা যোগ করবে। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.