নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
‘মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে শনিবার (২০ জুন) থেকে শুরু হচ্ছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত এ টুর্নামেন্টে দেশের বাছাইকৃত ১৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করবে।
গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এবং দিনাজপুরের শাইখ স্পোর্টস।
শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। টুর্নামেন্টের উদ্বোধন করবেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং গাজীপুরের পুলিশ সুপার শরীফ উদ্দীন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হান্নান মিয়া হান্নু ও সদস্য সচিব আব্দুর রহিম কালা জানান, প্রতিটি ম্যাচ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ টাকা ও ট্রফি, আর রানার্সআপ দল পাবে ২ লাখ টাকা ও ট্রফি। এছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলরক্ষকের জন্য থাকছে বিশেষ পুরস্কার।
টুর্নামেন্টকে ঘিরে শহীদ বরকত স্টেডিয়াম ও এর আশপাশ এলাকা বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে পুরো গাজীপুরজুড়ে বিরাজ করছে ফুটবল উৎসবের আবহ।
আয়োজকরা জানিয়েছেন, মাঠের প্রস্তুতি, খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসাসেবা এবং দর্শক ব্যবস্থাপনাসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির মতে, এই টুর্নামেন্টের লক্ষ্য শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.