ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে নগরকান্দা থানার তোফাজ উদ্দিন ফিলিং স্টেশন সংলগ্ন ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গার দর্শনা থানার ইসলাম বাজার এলাকার মো. মক্কেল মালিতারের ছেলে মো. ছোট বাবু (৫১) এবং দামুড়হুদা থানার মৃত বাদশার ছেলে মো. বাবু (৩১)।
শনিবার (২০ জুন) দুপুরে র্যাব-১০ এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.