নোয়াখালী প্রতিনিধি
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরণকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
শনিবার (২০ জুন) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ও পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ জানান তিনি।
জাবেদ আলম কিরণ অভিযোগ করেন, ঢাকা ও সোনাইমুড়ী এলাকার একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছে। ওই চক্রের এক সদস্য ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে তার কাছ থেকে দুই বছর আগে টাকা ধার নেন। পরে টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি চক্রের সহায়তায় ২০২৫ সালের শুরুর দিকে তাকে ঢাকা থেকে অপহরণ করে দুই দিন আটকে রাখে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, তার গাড়িচালকের সঙ্গে যোগসাজশ করে গাড়িতে জিপিএস ট্র্যাকার স্থাপন করা হয়, যার মাধ্যমে তার গতিবিধি অনুসরণ করে ঢাকা ও সোনাইমুড়ী এলাকায় একাধিকবার হামলার চেষ্টা চালানো হয়েছে।
এ ঘটনায় গত ডিসেম্বর মাসে সোনাইমুড়ী থানায় শাহাদাত, নজরুল, আনোয়ার চেয়ারম্যান, ফিরোজসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।
ভুক্তভোগী সাংবাদিক দ্রুত আসামিদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.