রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়নই দেশের টেকসই ও দীর্ঘমেয়াদি অগ্রগতির মূল ভিত্তি। গ্রামকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন কখনোই পূর্ণতা পেতে পারে না। জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
শনিবার (২০ জুন) তেরখাদা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী কর্মসূচিতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এবং আবনালী বিলে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
এমপি হেলাল বলেন, শহর ও গ্রামের বৈষম্য দূর করে দেশের প্রতিটি অঞ্চলকে সমানভাবে উন্নয়নের আওতায় নিয়ে আসাই সরকারের অন্যতম লক্ষ্য। উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তেরখাদার প্রতিটি ইউনিয়নে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সরকারের অগ্রাধিকার। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তেরখাদা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য। এ সময় তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থেকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
দিনের শেষ কর্মসূচিতে বিকেলে তেরখাদার আবনালী বিলে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি হেলাল বলেন, প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে মাছের পোনা অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় জেলেরা সরাসরি উপকৃত হবেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান, জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, আরিফুর রহমান, আনিসুজ্জামান, সাহানুর রহমান খান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.