নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর উরিয়া গ্রামে শারীরিক ও বাকপ্রতিবন্ধী এক যুবতীকে (২৫) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর বিচার চাইতে গিয়ে ভুক্তভোগীর মা থানায় হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবক ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (২০ জুন) দুপুরে সুধারাম মডেল থানা এলাকা থেকে অভিযুক্ত মেহেরাজুল ইসলাম (২০) ও তার বাবা আবদুল মন্নানকে গ্রেপ্তার করা হয়। তারা নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর মা অভিযোগ করে জানান, মেহেরাজুল দীর্ঘদিন ধরে তার প্রতিবন্ধী মেয়েকে উত্যক্ত করে আসছিল। গত ৭ জুন সকাল ৮টার দিকে মেয়েকে ঘরের সামনে হুইলচেয়ারে বসিয়ে রেখে তিনি গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর মেয়েকে না দেখে খোঁজ করতে গিয়ে পাশের বাগান থেকে গোঙানি ও ধস্তাধস্তির শব্দ শোনেন। সেখানে গিয়ে দেখেন, মেহেরাজুল তার মেয়ের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করছে। তাকে দেখে অভিযুক্ত পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইলে অভিযুক্তের পরিবার ক্ষিপ্ত হয়ে একই দিন সকাল ১১টায় ভুক্তভোগীদের বাড়িতে হামলা চালায়। তারা বাড়িতে ভাঙচুর চালায় এবং ভুক্তভোগীর মা-বাবাকে মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগীর মা আরও জানান, ৮ জুন সুধারাম মডেল থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ প্রথমে তা গ্রহণ করেনি। পরে ১৭ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে আদালত এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। শুক্রবার থানায় স্বাক্ষরের জন্য ডাকা হলে অভিযুক্তরা তাকে গালাগাল, প্রাণনাশের হুমকি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। তার ছোট ভাই বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টা ও বাড়িতে হামলার মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে থানায় বাদীকে হেনস্থার বিষয়টি তার জানা নেই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.