নওগাঁ প্রতিনিধি
বয়স্ক নারীদের টার্গেট করে বিশেষ ধরনের কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে অলংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়া কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন— নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার আবু হাসান, বাবু ও সবুজ।
পুলিশ সুপার জানান, গত কয়েক মাসে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় বয়স্ক নারীদের টার্গেট করে একটি সংঘবদ্ধ চক্র প্রতারণামূলক অপরাধ সংঘটিত করে আসছিল। তারা কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত স্কোপোলামিন (Scopolamine) নামের একটি কেমিক্যাল ব্যবহার করে ভুক্তভোগীদের বিভ্রান্ত বা সম্মোহিত অবস্থায় নিয়ে যেত। এরপর তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়া হতো।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা নিজেদের অজান্তেই কানের দুল, গহনা কিংবা নগদ টাকা প্রতারকদের হাতে তুলে দিয়েছেন। এমনকি কেউ কেউ বাসার আলমারি খুলে মূল্যবান সামগ্রীও তাদের হাতে দিয়েছেন।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় তিনটি মামলা দায়ের হয়। মামলাগুলোর তদন্তে ডিবি পুলিশ একাধিকবার নারায়ণগঞ্জে অভিযান চালায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, চক্রটি টাঙ্গাইলে একই ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তাদের মূল ঘাঁটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়। চক্রটির ৮ থেকে ১০টি সক্রিয় গ্রুপ রয়েছে, যারা দেশের বিভিন্ন জেলায় একই কৌশলে প্রতারণা করে থাকে।
পুলিশের দাবি, চক্রটি ইতোমধ্যে নারায়ণগঞ্জ, নওগাঁ ও খুলনাসহ বিভিন্ন এলাকায় অন্তত ১০টি অপরাধ সংঘটিত করেছে।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “চক্রের সদস্যরা সাধারণত বয়স্ক নারীদের টার্গেট করত। প্রথমে একজন সাহায্য চাওয়ার ভান করত, পরে আরও দুজন এসে কথোপকথনের মাধ্যমে ভুক্তভোগীর আস্থা অর্জন করত। একপর্যায়ে কেমিক্যাল প্রয়োগ করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত।”
তিনি আরও বলেন, এ ধরনের সংঘবদ্ধ প্রতারণা ও অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.