ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
টেকসই কৃষি উন্নয়ন, মাটির উর্বরতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)-এর উদ্যোগে ১২ জন সদস্যকে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে উপজেলার বৈলর ব্র্যাক অফিসে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন, জৈব সারের সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং কৃষিতে এর বহুমুখী উপকারিতা সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষকরা জানান, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানোর মাধ্যমে মাটির স্বাস্থ্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস করা সম্ভব। এ ধরনের উদ্যোগ কৃষিকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)-এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. ছাদেক হোসেন, এলাকা ব্যবস্থাপক মো. বিল্লাল হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন এবং সম্প্রসারণ কর্মকর্তা মো. হাসিবুর রহমান ভূঁইয়া।
এ সময় ব্র্যাকের কৃষি বিষয়ক বিভিন্ন সেবা, টেকসই কৃষি উন্নয়ন কার্যক্রম এবং সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সদস্যদের স্বাবলম্বী করে তুলতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন আর্থিক পণ্য ও সুযোগ-সুবিধা সম্পর্কেও অবহিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. ছাদেক হোসেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “প্রান্তিক মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিশ্চিত করতে ব্র্যাক দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতেও অবদান রাখতে পারবেন।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ১২ জন সদস্যের মাঝে ভার্মি কম্পোস্ট উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। নতুন প্রযুক্তি ও উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। তারা জানান, এ প্রশিক্ষণ তাদের জৈব সার উৎপাদনে উৎসাহিত করবে এবং কৃষি কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.