আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে আমানউল্লাহ সরদারের নির্মাণাধীন ভবনের ছাদ ও নিচতলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় গোপন বৈঠক করছিল।
খবর পেয়ে পুলিশ রাত ১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। এ সময় ভবনের ছাদ থেকে কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, আছাফুর রহমান, ইকরামুল ঢালী, জিয়াউর রহমান (৪০), আজিজুল ইসলাম ও রাশিদুল ইসলামকে আটক করা হয়।
এ ছাড়া ভবনের নিচে অবস্থানরত আরও ১০ জন এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৫০–৬০ জন দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও দাবি করা হয়, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সেখানে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় মোস্তাক আহম্মেদ বাদী হয়ে থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০–৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় রুজু করা হয়েছে (মামলা নং-২২, তারিখ ২১/০৬/২০২৬)।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.