স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক ব্রাজিল সমর্থকের ছবি সম্পাদনা করে তাকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে ব্রাজিল সমর্থক শাহাদাত জালাল পিয়াসের পক্ষে নড়াইল জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফেরদৌস ইসলাম তনু এ নোটিশ পাঠান।
নোটিশে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে নড়াইলের আদমপুর গ্রামের বাসিন্দা মো. সোহাগ ফরাজীকে, যিনি আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত।
নোটিশে বলা হয়, নোটিশদাতার বন্ধু মির্জা গালিব স্বতেজ একজন কট্টর ব্রাজিল সমর্থক। কিন্তু অভিযুক্ত সোহাগ ফরাজী এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবি সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ব্যঙ্গাত্মকভাবে বিভিন্ন ছবি তৈরি করেন এবং নিজের ফেসবুক আইডি থেকে তা প্রচার করেন।
এ ঘটনায় ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে দাবি করে নোটিশে অভিযুক্তকে ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট সব ছবি ও পোস্ট মুছে ফেলতে এবং তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ভুক্তভোগী মির্জা গালিব স্বতেজ বলেন, তিনি একজন ব্রাজিল সমর্থক। তার ছবি এআই দিয়ে বিকৃত করে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে প্রচার করা হয়েছে, যা তার সম্মান ও সামাজিক মর্যাদার ক্ষতি করেছে। এজন্যই তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন।
অভিযুক্ত সোহাগ ফরাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অ্যাডভোকেট ফেরদৌস ইসলাম তনু বলেন, “আমার মক্কেল শাহাদাত জালাল পিয়াসের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপত্তিকর কনটেন্ট অপসারণ ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। পরবর্তীতে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.