শামসুল হক ভূঁইয়া, গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সমাপনী দিনে ছাত্রী একক ও দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্র একক বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্র দ্বৈত বিভাগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রথমবারের মতো আয়োজিত এই আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় আয়োজক জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী এই আসরে পুরুষ একক ও দ্বৈত বিভাগে ৫৬ জন এবং নারী একক ও দ্বৈত বিভাগে ৩২ জন প্রতিযোগী অংশ নেন। খেলাগুলো পরিচালনা করেন বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের অভিজ্ঞ বিচারকরা।
শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতার পর পুরুষ একক বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তফিজ উদ্দিন তোহাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. রিয়াজুল ইসলাম ফারদিন। এ বিভাগে দ্বিতীয় রানারআপ হন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উসিং প্রু।
পুরুষ দ্বৈত বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিয়াজুল ইসলাম ফারদিন ও মো. নাঈম হোসাইন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোল্লা রিয়াজ মাহমুদ ও মো. সিরাজুল ইসলাম জুটি। এ বিভাগে দ্বিতীয় রানারআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. মারুফ হাসান ও আহসান মন্ডল জুটি।
নারী একক বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মিথিলা ফারজানা মৌকে হারিয়ে চ্যাম্পিয়ন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাবিবা আক্তার ইমি। এ বিভাগে দ্বিতীয় রানারআপ হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সারা সাদিয়া নূর।
নারী দ্বৈত বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মিথিলা ফারজানা মৌ ও মাহজাবিন তন্বী জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাবিবা আক্তার ইমি ও মোছা. রিফাতুন জান্নাত জুটি। এ বিভাগে দ্বিতীয় রানারআপ হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দা জান্নাত আক্তার ও মোছা. সাদিয়া আফরিন জুটি।
প্রতিযোগিতা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক ও প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শফিউল করিম। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, বিভাগীয় প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.