
রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে রূপসা স্লুইচগেট এলাকায় পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। রোববার (২১ জুন) তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে স্লুইচগেট ও ড্রেনেজ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি ঘুরে দেখেন এবং জলাবদ্ধতার কারণ ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রশাসক বলেন, জোয়ারের সময় নদীতে বৃষ্টির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে স্থায়ী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
তিনি জানান, জমে থাকা বৃষ্টির পানি দ্রুত অপসারণের জন্য পাম্প হাউস নির্মাণের দরপত্র ইতোমধ্যে আহ্বান করা হয়েছে। তবে কারিগরি জটিলতার কারণে এর আগে পাঁচবার দরপত্র আহ্বান করেও তা বাতিল হয়। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত স্লুইচগেট সংস্কারের মাধ্যমে জোয়ারের পানি শহরে প্রবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, চলমান ড্রেনেজ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসী জলাবদ্ধতা থেকে স্বস্তি পাবে। একইসঙ্গে ওয়াসা কর্তৃক খনন করা সড়কগুলোর মেরামতের কাজ যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা কেসিসি নিয়মিত তদারকি করবে।
এ সময় কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, খান হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে প্রশাসক নগরীর কে রোড এলাকার ড্রেনেজ ব্যবস্থাপনাও পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.