গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৫ পরিবারের মাঝে মোট ১ কোটি ১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১৬ জন নিহত ব্যক্তির পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে, একজন গুরুতর আহত ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং ১৮ জন আহত ব্যক্তিকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।
"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম আশরাফুল, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. তামান্না তাসনিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন এবং বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ধৈর্য, ট্রাফিক আইন মানা এবং অবকাঠামোগত শৃঙ্খলার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। তবে অনেকের চোখে ছিল হারানোর শোক ও দীর্ঘশ্বাস—যে ক্ষতি কোনো আর্থিক অনুদানেই পূরণ হয় না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.