কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় মুদি ব্যবসায়ী মো. আনিসুর রহমানের দোকান ও বাসায় হামলার ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) রাত ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম সরদার (৫৫), মুদি ব্যবসায়ী আনিসুর রহমান (৫২) এবং তাঁর স্ত্রী রোকসানা আক্তার (৪৬)।
এ ঘটনায় দোকানের ক্যাশ থেকে ১০ হাজার টাকা এবং বাসা থেকে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুরের কথাও জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী রোকসানা আক্তার বলেন, হঠাৎ ১০–১৫ জনের একটি দল রড ও লাঠিসোটা নিয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় তারা মারধর করে এবং তাঁর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।
মুদি ব্যবসায়ী আনিসুর রহমান অভিযোগ করে বলেন, তিনি রাজনৈতিকভাবে বিএনপির ওলামা দলের সঙ্গে যুক্ত। তিনি দাবি করেন, হামলাকারীরা পূর্বপরিচিত এবং দলীয় পরিচয়ের কিছু ব্যক্তিও এ ঘটনায় জড়িত।
কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে তিনি জানান, বিষয়টি যাচাই করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.