যশোর প্রতিনিধি
যশোরে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন নেতাসহ আওয়ামী লীগের রাজনৈতিক সংশ্লিষ্ট পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়েস আহম্মেদ রিমু, যুবলীগ নেতার ছেলে রোবায়েত হোসেন রোহান, তরিকুল ইসলাম, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আরিফুল ইসলাম এবং গোলাম কিবরিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ নভেম্বর রাতে মাগুরা–যশোর রুটের ‘রাহিন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাস যশোর শহরের উপশহর ঈদগাহ রোড এলাকায় পার্কিং অবস্থায় ছিল। পরদিন ভোরে ওই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসটির আসন, ইঞ্জিন বক্সসহ ভেতরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে সোমবার ভোরে যশোর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনুপ কুমার মণ্ডল জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.