দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে দেবহাটা থানার এসআই নকীব পান্নু সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় মুখ বাঁধা একটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি খুলে দেখা যায়, এর ভেতরে চারটি পলিব্যাগে ভরা মাছের রেনু পোনা রয়েছে। পুলিশ জানায়, প্রতিটি পলিব্যাগে আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার করে রেনু পোনা ছিল। উদ্ধারকৃত রেনু পোনার বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারের পর বিষয়টি দেবহাটা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। রেনু পোনাগুলো দ্রুত মারা যাওয়ার আশঙ্কা থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের উপস্থিতিতে পুলিশ সদস্য ও উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে রাতেই বসন্তপুর এলাকার দেবহাটা খালে রেনু পোনাগুলো অবমুক্ত করা হয়।
এ সময় ওসি আব্দুল আলিম বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় রেনু পোনা পাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের সতর্ক থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে গত কয়েক দিনে দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়। সেগুলোও পরে ইছামতী নদী ও বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.