কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলায় নিজ পুত্রবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মো. অলিউল্লাহ (৫৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত শ্বশুর পলাতক রয়েছেন। ভুক্তভোগী গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর মা বাদী হয়ে কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত অলিউল্লাহর ছেলে মো. রাসেদ সম্প্রতি বরিশালের গৌরনদী উপজেলার টিকাসার তুলাতলা গ্রামের এক নারীকে বিয়ে করেন। চাকরির সুবাদে স্ত্রীকে বাবার বাড়িতে রেখে যান রাসেদ। এ সুযোগে অলিউল্লাহ তার পুত্রবধুকে বিভিন্ন সময় মোবাইলে কু-প্রস্তাব দিতেন বলে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার রাতে পুত্রবধু ঘরে একা থাকায় অভিযুক্ত তার রুমে প্রবেশ করে একাধিকবার ধর্ষণের চেষ্টা চালান বলে জানিয়েছেন ভুক্তভোগী। পরে মেয়েকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তার মা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বিয়ের পর থেকেই আমার মেয়েকে তার শ্বশুর বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার রাতে সে আমার মেয়েকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। খবর পেয়ে মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি এবং থানায় অভিযোগ দিয়েছি।”
তবে মেয়ের সংসারের কথা চিন্তা করে আপোষ-মীমাংসার আলোচনাও চলছে বলে জানিয়েছেন তিনি।
অভিযুক্ত মো. অলিউল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, “ভুক্তভোগী পরিবার অভিযোগ দিয়েছে। মামলা দায়ের করলে তা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.