গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কুয়েত থেকে ছুটিতে দেশে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সোহেল ফকির (২৪) নামে এক প্রবাসী যুবক।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল ফকির উপজেলার খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে এবং পেশায় কুয়েত প্রবাসী ছিলেন।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, খাঞ্জাপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে ও সোহেলের বাল্যবন্ধু ফরসাল হাওলাদারের বিয়ে উপলক্ষে তিনি প্রায় ১০ দিন আগে কুয়েত থেকে দেশে আসেন। গত ১৯ জুন বন্ধুর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সোহেল তার মোটরসাইকেলটি পার্কিং করে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতগতির তাজবি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, প্রায় দেড় বছর আগে ছুটিতে দেশে এসে তিনি বিয়ে করেছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি মহাসড়কের গোপালপুর এলাকা থেকে ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.