ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ পশু চিকিৎসার ওষুধ বিক্রি ও ব্যবহারের দায়ে দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, এক কৃষকের গরুকে আমেনা ঔষধালয়ের স্বত্বাধিকারী মিজানুর রহমান মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগ করেন। পরে গরুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত আমেনা ঔষধালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে পাশের ব্যবসায়ী মাসুদ সিকদারের দোকানেও অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে একই আইনের আওতায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার বলেন, “জনস্বার্থে এবং পশুসম্পদের সুরক্ষায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ব্যবহার রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনের সংশ্লিষ্ট ধারায় জরিমানা করার পাশাপাশি জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.