আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বকেয়া বিদ্যুৎ বিল আদায় এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিদ্যুৎ বিল বকেয়া ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ৯ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে আরও ৫ জন গ্রাহকের বিদ্যুৎ মিটার খুলে নেওয়া হয়।
বুধবার সকালে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন এবং আগৈলঝাড়া জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির আগৈলঝাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ছিদ্দিকুর রহমান, এজিএম মো. আরিফুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান এবং আগৈলঝাড়া থানার এসআই মো. তারিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ছিদ্দিকুর রহমান জানান, আগৈলঝাড়া এলাকায় পূর্বের বকেয়া ও চলতি বিলসহ মোট ৭ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ৩৭৮ টাকা গ্রাহকদের কাছে পাওনা রয়েছে। এ বকেয়া আদায়ের লক্ষ্যে চলতি জুন মাসজুড়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ৯ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের অনিয়ম ও অপরাধের কারণে ৫ জন গ্রাহকের মিটার খুলে নেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতে শৃঙ্খলা বজায় রাখা, বকেয়া বিল আদায় এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে এ অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনায় জবাবদিহিতা, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সকল গ্রাহককে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ এবং বৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.