দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছগাছালি কর্তন এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের মৃত হলোধর দাসের ছেলে বৈদ্যনাথ দাস (৫০) সাতক্ষীরার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৪০৬/২০২৬।
মামলার বিবাদীরা হলেন বসন্তপুর গ্রামের মৃত গোপাল দাসের ছেলে শংকর দাস ও দিপঙ্কর দাস, শংকর দাসের ছেলে দীপ দাস ও স্ত্রী শ্রাবন্তী দাস, দিপঙ্কর দাসের ছেলে তীর্থ দাস ও স্ত্রী মিতা দাস, দেবহাটা গ্রামের রহিম গাজীর ছেলে শাহিন, বসন্তপুর গ্রামের আহম্মদ গাজীর ছেলে শরিফুল, সুশীলগাতী গ্রামের হাকিম খার ছেলে টিপু খা এবং দেবহাটা গ্রামের দুঃখে সরদারের ছেলে আব্দুল আলীম।
মামলার বাদী বৈদ্যনাথ দাস অভিযোগ করেন, বসন্তপুর মৌজার এসএ ২১ ও ৩৪ নম্বর খতিয়ানের এসএ ২৬ ও ২৭ নম্বর দাগ, যা বিআরএস ৬৮ নম্বর খতিয়ানের ২২ ও ২৩ নম্বর দাগভুক্ত ৫৮ শতক জমি, তাদের পৈতৃক সম্পত্তি।
তিনি দাবি করেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে একটি রাস্তা জোরপূর্বক দখল করে ব্যবহার করে আসছেন। এ বিষয়ে ২০২৪ সালের ২৩ জানুয়ারি সাতক্ষীরা আদালতে দায়ের করা একটি মামলা (নং-১৩৫/২৪) বর্তমানে বিচারাধীন রয়েছে।
বাদীর অভিযোগ, বিচারাধীন বিষয় থাকা সত্ত্বেও বিবাদীরা তার জমিতে অনধিকার প্রবেশ করে গাছগাছালি কেটে ফেলেছেন এবং জমির একটি অংশ দখল করেছেন।
বৈদ্যনাথ দাস আরও বলেন, “আমি অসহায় হওয়ায় প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে আমার জমি দখল এবং গাছ কেটে ফেলেছে। বর্তমানে আমি পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।”
এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.