ঝালকাঠি প্রতিনিধি
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠি জেলায় ৮২ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২৮ জুন সারা দেশের মতো ঝালকাঠিতেও এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ১১ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪৯০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (২৪ জুন) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন বলেন, জাতীয় এ কর্মসূচি সফল করতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। কোনো শিশু যেন এ সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তাপস কুমার শীল, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার এবং সাধারণ সম্পাদক আ.স.ম. মাহামুদুর রহমান পারভেজ।
বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলার প্রতিটি শিশু এই কর্মসূচির সুফল পাবে এবং অপুষ্টিমুক্ত সুস্থ প্রজন্ম গড়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.