গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলায় আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণিতে অধ্যয়নরত এক মাদ্রাসা ছাত্রীর পথরোধ করে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন বখাটের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার জঙ্গলপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী স্থানীয় জঙ্গলপট্টি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মো. জনি সেরনিয়াবাত ও মো. সাব্বির হোসেন এবং গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের সাকিল, রাহাত ও রমজানকে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, মাদ্রাসায় যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তার মেয়েকে উত্যক্ত ও আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযুক্তদের পরিবারের সদস্যদের কাছে অভিযোগ করা হলেও তারা বিরত হয়নি।
তিনি আরও জানান, বুধবার দুপুর সোয়া ১২টার দিকে মাদ্রাসা ছুটির পর অন্যান্য ছাত্রীর সঙ্গে বাড়ি ফেরার পথে জঙ্গলপট্টি গ্রাম সমিতির সামনে পৌঁছালে অভিযুক্তরা আবারও তার মেয়েকে উত্যক্ত ও আপত্তিকর প্রস্তাব দেয়। এ সময় তার মেয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.