ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী মৌজার একটি সড়ক থেকে পান্নু ফকির ওরফে জামু রহমান ফকির (৩৮) নামে এক যুবকের হাত-পা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত পান্নু ফকির উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে সালথা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন পান্নু ফকির। পরে তাকে নির্মমভাবে হত্যা করে মরদেহ যদুনন্দী মৌজার একটি সড়কের ওপর ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে স্থানীয়রা সড়কের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আল ফাহাদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মরদেহের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পাশের একটি পাটক্ষেতে হত্যার পর মরদেহটি সড়কের ওপর ফেলে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.