মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক ও সাবেক পৌর কাউন্সিলর মো. আনিসুর রহমান লিটন।
বুধবার (২৪ জুন) দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে উপজেলার মধুখালী-ওমরআলী সড়কের থানার সামনে চন্দনা নদীর পাড়ে সেতু সংলগ্ন লিটন ডেকোরেটর-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ডেকোরেটরের শোরুম ও গুদামে থাকা প্রায় সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
জানা যায়, প্রায় ৩ হাজার ২০০ বর্গফুট আয়তনের পাকা ভিতের ওপর নির্মিত টিনশেড গুদামঘরটিতে অগ্নিকাণ্ডের সময় দরজা বন্ধ ছিল। ঘরটিতে কোনো জানালা ছিল না এবং ওই সময়ে এলাকায় বিদ্যুৎও ছিল না। ফলে আগুনের সূত্রপাত নিয়ে রহস্য দেখা দিয়েছে।
মধুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. রাশেদুল আলম বলেন, “রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ডেকোরেটরের মালামাল সহজে দাহ্য হওয়ায় অধিকাংশ সামগ্রী পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।”
ডেকোরেটরের মালিক মো. আনিসুর রহমান লিটন (৫১) জানান, গত ২৭ বছরের পরিশ্রমে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। আগুনে দুটি নসিমন, সহস্রাধিক চেয়ার, প্রায় ২০০ টেবিল, দুই হাজার চিনামাটির প্লেট, শতাধিক সসপ্যান, ৪০ থেকে ৫০ লাখ টাকার কাপড়, ৮০০ টিন এবং প্রায় ১৫ লাখ টাকার ইভেন্ট সামগ্রীসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমার জীবনের সব বিনিয়োগ ছিল এই ডেকোরেটর ব্যবসায়। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি আজ সর্বস্বান্ত হয়ে গেলাম।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.