মো.মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলায় ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ কাজে বাধা, বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী নষ্ট করা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এক প্রবাসীর পরিবার।
ভুক্তভোগী মোর্শেদা বেগম (৩৯) গত ২৫ মে ডাসার থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার মেদাকুল (সালতা) গ্রামের বাসিন্দা প্রবাসী মেহেদী হাসান কুদ্দুসের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, মেহেদী হাসান কুদ্দুস ২০২৪ সালে ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী এলাকায় বিভিন্ন মালিকের কাছ থেকে মোট ১০১ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর তিনি বিপুল অর্থ ব্যয়ে জমি ভরাট করে সেখানে ফলদ গাছ রোপণ, বসতঘর নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগ স্থাপন করেন। পরিবারটি দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি ভোগদখল করে আসছে বলে দাবি করেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিতে পাঁচতলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার পর স্থানীয় নূর জাহান বেগম, দেলোয়ার বেপারী, জানে আলম বেপারী, ইব্রাহিম বেপারী, শাহ আলম বেপারী ও সাকিব বেপারীসহ কয়েকজন তাদের কাজে বাধা দিতে শুরু করেন।
পরিবারটির দাবি, গত তিন বছর ধরে প্রতিপক্ষরা জমিটি দখলের উদ্দেশ্যে বিভিন্ন আদালতে একের পর এক মামলা দায়ের করেছে। এ পর্যন্ত অন্তত নয়টি মামলায় তারা আদালতে জয়লাভ করেছেন। কিন্তু আদালতের সিদ্ধান্তের পরও প্রতিপক্ষরা নতুন নতুন মামলা দিয়ে হয়রানি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়ায় সাইটে রাখা প্রায় ১০ লাখ টাকার রড এবং ২ লাখ টাকার সিমেন্ট নষ্ট হয়ে গেছে। ফলে তাদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ এবং ২৫ মে ২০২৬ তারিখে নির্মাণকাজ শুরু করতে গেলে প্রতিপক্ষরা দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে বাধা দেয়। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি জমিতে প্রবেশ করলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
মোর্শেদা বেগম বলেন,"আমরা বৈধভাবে জমি কিনেছি, খাজনা-খারিজ করেছি এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে আছি। আদালতও আমাদের পক্ষে রায় দিয়েছেন। তারপরও প্রতিপক্ষরা আমাদের হুমকি দিয়ে আসছে। আমাদের ১২ লাখ টাকার নির্মাণসামগ্রী নষ্ট হয়ে গেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও আইনি সহায়তা চাই।"
এ বিষয়ে ডাসার থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অভিযোগগুলো ভুক্তভোগী পরিবারের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.