স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৫৬০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা।
এ সময় আরও বক্তব্য দেন নড়াইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হেমায়েত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং প্রবীর কুমার দাসসহ অন্যান্যরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ৫৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।
তিনি জানান, প্রতিটি কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.