দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে একজন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। তবে বিজিবি ও স্থানীয় জনতার তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পুশইনের চেষ্টা করা ব্যক্তির নাম আলী আজগর (৬৫) বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার অধীন ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের মধুগাড়ী ক্যাম্পের সদস্যরা ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মধুগাড়ী সীমান্ত দিয়ে আলী আজগরকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
এ সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রামকৃষ্ণপুর বিওপির টহল দল এবং সীমান্ত এলাকায় কর্মরত স্থানীয় কৃষকরা বিষয়টি টের পেয়ে দ্রুত সেখানে অবস্থান নেয়। তাদের বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিকে ভারতীয় সীমানার দিকে ফিরিয়ে দেওয়া হয়।
সূত্র জানায়, বর্তমানে আলী আজগর ভারতীয় সীমান্তের প্রায় ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, আলী আজগর বাংলাদেশের ঢাকার মিরপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। তবে তার জাতীয়তা ও অন্যান্য পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.